বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে আনসার-ভিডিপির সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে সরকারি রিক্রুটিং লাইসেন্স প্রদান করা হয়। পাশাপাশি ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎভিত্তিক জ্বালানি প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ বাস এবং জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ ছাড়া কুটিরশিল্প, আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণের ব্যবস্থাও ঘুরে দেখেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর সরকারি পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ প্রকল্পগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে সমন্বয় করে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা নিউজ নেটওয়ার্ক
আরও সূত্র: যায়যায়দিন