পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রোমান (২৪) নামে সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নিয়মিত শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রোমান জালালপুর এলাকা থেকে একটি রিকশায় করে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাজিরহাট থেকে রাজশাহীগামী ‘হিমেল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রোমান সড়কে ছিটকে পড়েন এবং বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত রিকশাচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘাতক বাসটি শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, সড়ক দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।