নিহত আতিকুর রহমান ঈশ্বরদী উপজেলার চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দিন (৪২) এবং আটঘরিয়া উপজেলার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২)।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আতিকুর রহমানসহ তিনজন একটি করিমন গাড়িতে করে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রূপপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের বহনকারী করিমন গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।