দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৩২৪ জনের হাম শনাক্ত হলো। আর নতুন করে এক হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৮৪ জন।
সূত্র: এফএনএস।