সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং কাতারের কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটি অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে ০.১৭ মার্কিন ডলার কম। এ প্রস্তাবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কার্গোটি ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত।
এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কম। এ প্রস্তাবেও কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুটি প্রস্তাবের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণে মোট ছয় কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।