পাবনা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে। অপর নিহত সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জালালপুর বাজার এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
[ছবি : এআই জেনারেটেড ]