শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে এবং ডিজিটাল শিক্ষার সুযোগ সহজলভ্য করতে নিজেদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘এক শিক্ষার্থী, এক ল্যাপটপ’ (One Student, One Laptop)-এর আওতায় মাত্র দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য নতুন কিছু শেখা, গবেষণা করা, উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং প্রযুক্তির সহায়তায় এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। শিক্ষার্থীদের একাডেমিক যাত্রায় তথ্যপ্রযুক্তির সর্বাত্মক সুবিধা নিশ্চিত করাই এই প্রজেক্টের প্রধান লক্ষ্য।
প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করে আসছে। সেপ্টেম্বর ও অক্টোবরের এই বিশাল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা, ডেডিকেটেড টিম এবং ল্যাপটপ গ্রহণকারী সব শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রযুক্তিভিত্তিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই ‘এক শিক্ষার্থী, এক ল্যাপটপ’ উদ্যোগটি শিক্ষাঙ্গনে একটি অনন্য ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়ে আসছে।