পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষটিতে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধার করা বিস্ফোরকসদৃশ বস্তুগুলো নিরাপত্তার স্বার্থে ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী (বম্ব ডিসপোজাল) দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার কথা রয়েছে।
অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসব তথ্য জানিয়েছেন এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত কক্ষে বিপুলসংখ্যক ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।