পাবনার ভাঙ্গুড়ায় এক কৃষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে । এরপর বাড়িতে থাকা নগদ ১ হাজার টাকা, ১৪ আনা স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপার গহনা,একটি টেলিভিশন, ৩টি মোবাইল ফোন ও একটি টেবিল ফ্যান লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক জানান, ডাকাতদল তাদেরকে ধারালো অস্ত্রের (বড় হাসুয়া) মুখে জিম্মি করে নগদ ১ হাজার টাকা, সোনা, রুপা, তিনটি মোবাইল ফোনসহ জিনিসপত্র নিয়ে যায়। তারা সবাই মুখোশ পড়ে ছিল।
খানমরিচ ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, রাতের আধারে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা গহনাপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারকে তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, সেখানে ৪/৫ জন লোক জোরপূর্বক কিছু টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। এটা ডাকাতি না, দস্যুতার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।