পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা উপলক্ষে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে এক সুবিশাল মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সন্ধ্যায় পার-ভাঙ্গুড়া ইউনিয়নের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে স্থানীয় প্রধান বাজারে এসে এক সংবর্ধনা ও সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল এবং বিপুলসংখ্যক সজ্জিত অটোভ্যান নিয়ে হাজারো সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় সমর্থকেরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং মোঃ জিয়াউর রহমানকে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে সমর্থন ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পার-ভাঙ্গুড়া ইউনিয়নের মানুষের সেবা করা এবং এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসায় আমি অভিভূত। আপনারা পাশে থাকলে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
শোভাযাত্রা ও পথসভায় পারভাঙ্গুড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।