পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
দীর্ঘদিন পর দলীয় এই সিদ্ধান্তের ফলে চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা ফিরে এসেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে অনুভুতি ব্যক্ত করে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন বলেন, “চাটমোহরে দলের জন্য আমার ত্যাগ ও ভূমিকার কথা সর্বস্তরের মানুষ জানেন। দলকে ভালোবেসে রাজনীতি করেছি, আগামীতেও আগের মতোই রাজপথে থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাব। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এদিকে জনপ্রিয় এই দুই নেতার দলে প্রত্যাবর্তনে চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়েছে।