পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা, সারের সিন্ডিকেট ভাঙা এবং কৃষকদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও সুরাইয়া মমতাজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান।
সভাপতির বক্তব্যে ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, ভাঙ্গুড়ায় কৃষকদের কোনো ধরনের ভোগান্তি বরদাশত করা হবে না। কৃষকদের চাহিদা অনুযায়ী উপজেলায় পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। তাই কোনো কৃষক যেন সারের জন্য হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, সিন্ডিকেট কিংবা কৃষকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, সরকার কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করছে। এরপরও কোথাও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। সারের বিপণনে সিন্ডিকেট ভাঙতে হবে। সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নজরদারি অব্যাহত থাকবে।
সভায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন, সারের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের হয়রানি বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হীরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পৌরসভা ও উপজেলার মোট ১৯ জন সার ডিলার।
সভায় কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বণ্টন এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।