পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী খাতুনকে (৩৮ গলা টিপে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ফরিদপুর উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে ও অভিযুক্ত জহুরুল একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় একুশ বছর আগে জহুরুল ইসলামের সঙ্গে শিল্পী খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এর ১৩ বছর পরে স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন।
গত ১২ নভেম্বর সে প্রথম স্ত্রী শিল্পী খাতুনের সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। ঘটনার দিন ভোর সাড়ে ৫ টার দিকে
স্ত্রীর নিকট নেশার টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে
স্ত্রী শিল্পীকে মারধর করে গলা টিপে ধরলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী জহুরুল স্ত্রী শিল্পীকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।