1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা পেরুকে ৯ গোলের বন্যায় ভাসাল ব্রাজিলের যুবারা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল, এশিয়ায় ১০২ তম এবং বিশ্বে ৪৬৬ তম মহাকাশ গবেষণায় বিশ্বমঞ্চে উজ্জ্বল ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দর্শন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানো এবং বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব আহ্বান জানান।

পরিচয়পত্র পেশ করেন ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসো এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে, ক্রিস্টি কারেলসন ও টমাস মেন্সিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবা আমদানি বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। এ সময় সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্যও দেশগুলোকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।

এ ছাড়া প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে, গিনি ও ঘানাকে দক্ষ বাংলাদেশি কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে কৃষি খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন।

স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানোর কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। গিনির অনুরোধের পরিপ্রেক্ষিতে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে কারিগরি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সাক্ষাতে দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে এস্তোনিয়াকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host