তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ এশা পাবনা শহরের দেওয়ান বাড়ি জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সদরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক শফিউল আলম দুলালের মৃত্যুতে পাবনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
উল্লেখ্য, শফিউল আলম দুলাল ১৯৮৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় জনপ্রিয় দৈনিক মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে পাবনার সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।