পাবনার সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা, পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, রাজশাহী থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার দিকে ফিরছিল। সড়াডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত চারজন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়।
ওসি মজিবর রহমান বলেন, “রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে পাবনা এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।