‘মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা কর্মীদের জন্য ঈদের সালামি পাঠিয়েছেন। যে সালামি আমি সমস্ত রাজনৈতিক জীবনেও পাইনি। তাই জীবনের স্মৃতি হিসেবে এই ঈদ সালামি থেকে ১০০ টাকা রেখে দেব। কারণ আমার প্রিয় নেতার কাছ থেকে পাওয়া এই ঈদ সালামি আমার জীবনের চরম পাওয়া।’
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য-৩৩০ এডভোকেট আরিফা সুলতানা রুমা পাবনার ভাঙ্গুড়ায় দলীয় নেতাকর্মীদের ঈদ সালামি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘আজকে এই অনুষ্ঠানের উপস্থিত সকলেই দলীয় নেতা। বিগত প্রায় দেড় যুগ ধরে আপনারা জেল জুলুম ও নির্যাতন সহ্য করে গেছেন। কেউ নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারেননি, চাকরি করতে পারেননি। এমনকি স্বাভাবিকভাবে আপনারা জীবন যাপনই করতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এরপর ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে জনগন ও আপনাদের দল বিএনপি। তাই আজ আপনাদের মত ত্যাগী নেতাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান ঈদ সালামি পাঠিয়েছেন। সালামির পরিমাণ যাই হোক আপনারা সেটা হৃদয় থেকে গ্রহণ করবেন।’
গত সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের বিষয়ে তিনি বলেন, ‘দলের কিছু নেতাকর্মীর ভুলে সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী পরাজিত হয়েছে। এতে পাবনা-৩ এলাকা উন্নয়ন বঞ্চিত হয়েছে। দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের সাবধান থাকতে হবে। আগামী দিনে দলের সিদ্ধান্তে দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এজন্য আমি সর্বসময় নেতাকর্মী ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। আমি আছি আপনাদের জন্য সর্ব সময়ের জন্য। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। দিনরাত সর্বসময় আমার মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা থাকবে।’
ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান ও বর্তমান সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাব হোসেন।