পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মীদের হামলায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। (২১ মে) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের উপরে এই হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম জানা যায়নি।
এদিকে এঘটনার প্রতিবাদে রাত ১০ টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় বিক্ষোভ করেন।
আহত জামায়াত নেতা জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ওই গ্রামের নজির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন কর্মীদের সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় জিল্লুর তাদের একজনকে থাপ্পর মারেন। এ ঘটনার জেরে রাত ৮ আটটার দিকে বাড়ি ফেরার সময় কালিনজিরা ব্রিজের ওপরে এই হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু অবস্থা মুমূর্ষ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হামলার খবর শুনে রাত ১০ টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগারের নেতৃত্বে নেতাকর্মীরা থানা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তারা আসামিদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের কাজ চলছে।দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে । তবে গ্রেপ্তারের স্বার্থে তিনি হামলাকারীদের নাম জানাতে অস্বীকৃতি জানান।