জেল-জরিমানা করেও থামছে না নকল দুধ তৈরির কারবার। অভিযানের কয়েকদিন পরই পুনরায় কারখানা চালু করে বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগ উঠেছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। আর এসব নকল দুধ প্রাণ ও ব্র্যাকসহ দেশের বিভিন্ন নামিদামি কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে।
সোমবার (১৮ মে) রাত ৮ টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে নকল দুধ তৈরির অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের লিটন আলীর পুত্র। তিনি পেশায় দুধ ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ বাড়িতে সিলিং সেন্টার বসিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব দুধ তিনি প্রাণ ও ব্র্যাকসহ বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন। আজ সোমবার গোপন সংবাদ-এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এসময় দুধে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি করার দায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানার এস আই এরশাদ আলী উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দকৃত ১০০ লিটার কোয়ালিটি তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।