পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে এক মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে সাগর হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পৌরশহরের শরৎনগর বাজারে এই অভিযান পরিচালনা করেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের শরৎনগর বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাছ ব্যবসায়ী সাগর হোসেনকে নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় সেখান থেকে এক মণ জাটকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম বলেন,
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, ক্রয়- বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এ সময়টাতে জাটকা ক্রয়-বিক্রয় থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান আমার দেশকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী ওই মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আর জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৮ টি এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়।