সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।
খেলা দেখতে পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রাম থেকে আসেন হাদল মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, দুই দলের খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ। বিপুল দর্শকসমাগম প্রমাণ করেছে ফুটবল এখনো কতটা জনপ্রিয়। মফস্বল এলাকায় এমন সুন্দর ফুটবল আয়োজন সত্যিই প্রশংসনীয়।
ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. আব্দুল মতিনের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাসির ও সদস্য সচিব সুজন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, খেলায় বিপুল দর্শকসমাগম আয়োজকদের দারুণভাবে উৎসাহিত করেছে। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং হাজারো দর্শকের করতালিতে পুরো আয়োজন উপভোগ্য হয়ে ওঠে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামের মেয়েরা ফুটবল খেলায় আরও অনুপ্রাণিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি ও শরৎনগর ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল হামিদ। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন বড়াল কিন্ডারগার্টেনের ক্রীড়া শিক্ষক বি. এম. ছানাউল্লাহ, মো. কবিরুজ্জামান ও ফজলুল হক।
আয়োজক কমিটি জানায়, নারী ফুটবলের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।