দেশি-বিদেশি শ্রমবাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় রেখে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সকালে বঙ্গভবনে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, আজীবন সদস্য রেহানা রহমান এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ গবেষণা, শিক্ষা বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পাশাপাশি পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলার পাশাপাশি কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব তৈরি করে এবং শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে পারে না, সেই ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাৎকালে নর্থ সাউথ ইউনিভার্সিটির আসন্ন ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।