রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল হোসেন (৩৬) ও ওমর ফারুক (২৫)। ভ্রাম্যমাণ আদালত আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালনগর এলাকায় একটি নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল দুধ তৈরির কাজে জড়িত অবস্থায় আবুল হোসেন ও ওমর ফারুককে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে কারখানা থেকে তিন ড্রাম জেলি, আধা কেজি কস্টিক সোডা এবং তিন ড্রাম নকল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব উপকরণ ও নকল দুধ ধ্বংস করা হয়।
এ ছাড়া কারখানার সঙ্গে সংশ্লিষ্ট দুই ভ্যানচালক আসলাম ও চাঁদ আলীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাঁদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।