1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নারী ফুটবল ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড় ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ ফরিদপুরে নকল দুধের কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষীদের এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হামলার ধরন দেখে এসব ঘটনার পেছনে ওপরের মহলের নির্দেশনা থাকতে পারে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংক

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, ব্যাংকটি মূলত দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

তিনি জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এ উদ্যোগ দরিদ্র নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে।

অন্যান্য স্থাপনাতেও হামলার অভিযোগ

বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় গ্রামীণ এলাকার লাখ লাখ নারী আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যাংকটির সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্যাংকের মালিকানা নিয়ে বক্তব্য

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়েছে ব্যাংক

বিবৃতিতে অধ্যাপক ইউনূস জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখা যায়।

তিনি বলেন, হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি ঘটনায় জড়িত অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে সোচ্চার হতে হবে।

অধ্যাপক ইউনূসের ভাষ্য, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠানকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host