দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান ২০৩১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানিয়েছেন।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি, আন্তর্জাতিক বাণিজ্যের নতুন বাস্তবতা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। নীতিমালাটি শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র এবং রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলাই নতুন নীতিমালার অন্যতম উদ্দেশ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী মনে করেন, এসএমই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কেবল দেশের অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী হিসেবে তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনেও সম্পৃক্ত করতে হবে।
চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা
প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত বড় ভূমিকা রাখছে। বিশ্বের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ।
দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালির মতো দেশ এসএমই খাতের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকেও এ খাতের উৎপাদন ও সম্প্রসারণে আরও গুরুত্ব দিতে হবে।
এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ
প্রধানমন্ত্রী বলেন, মূলধন ও প্রযুক্তির সীমাবদ্ধতা, ঋণ পেতে জটিলতা, দক্ষ কর্মীর অভাব এবং পণ্য বিপণনের সমস্যা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।
তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে নিজের সক্ষমতা তুলে ধরেছে উল্লেখ করে তিনি বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়েও বিশ্ববাজারে আরও বিস্তৃতভাবে প্রবেশ করতে হবে।
এ প্রসঙ্গে ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো অঞ্চলে চামড়াজাত পণ্য ও জুতা, আবার অন্য অঞ্চলে সিরামিক টাইলস তৈরি হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।
১৭৭টি শিল্প ক্লাস্টার চিহ্নিত
প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ঐতিহ্য ও সৃজনশীল পণ্যের বিকাশে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পণ্যের আধুনিক নকশা, মান ও প্যাকেজিং উন্নত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদেরও সহযোগিতা করা হবে।
বিদেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো শহরে এ ধরনের মেলা আয়োজন করা গেলে উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরতে পারবেন বলে তিনি মনে করেন।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন। অনেকে পণ্যের অর্ডার দিতেও আগ্রহী ছিলেন। তবে অর্ডার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি।
ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি, যাতে বিদেশি ক্রেতারা সরাসরি অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা সেখানেই পাওয়া যায়।
৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, ভৌগোলিক নির্দেশক (জিআই), ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ
নারী উদ্যোক্তাদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারের এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাঁরা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বাজারজাত করছেন।
নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি।
তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে এসএমই খাতের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। মেলায় পুরস্কার পাওয়া উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্য নতুনদের অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে সকাল ১১টায় ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন তিনি। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তারা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।