1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহী এআইটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী জিয়ার মোটরসাইকেল শোডাউন ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানায় অভিযানে উৎপাদনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে !  

নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

বিমানের নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮-এর লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ায় সঙ্গে জড়িতদের তালিকা জমার দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

একই সঙ্গে উড়োজাহাজ ক্রয়ের পরবর্তী সময়ে পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে সংসদীয় কমিটি।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বলা হয়।

এসময় কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশগ্রহণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বৈঠকে বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‌্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।

এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

লিজকৃত দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। এ-সংক্রান্ত সব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে উপস্থাপনের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র উপস্থাপনের অঙ্গীকার করে।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তির বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩.৫০ কোটি টাকা জড়িত থাকার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষের দাবীকৃত আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের স্বপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি। এ ছাড়া অনাদায়ি অর্থের বিষয়টিও আলোচনায় আসে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ালাইন্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host