রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।
স্পিকার বলেন, বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বৃদ্ধি পেয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, এ ওরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে স্পিকার বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে।
তিনি সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। তিনি এসডিজি অর্জনের আশাবাদও ব্যক্ত করেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয় পর্যবেক্ষণ করলেই হবে না, বরাদ্দকৃত অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।