পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় যুব দিবস উদ্যাপনে বিভিন্ন যুব সমিতির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। প্রত্যেক সমিতির কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়ার পর ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সমিতির সদস্যরা।
অভিযোগ রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন যুব সমিতির কাছ থেকে দিবসটি উদ্যাপনের খরচের কথা বলে এ টাকা নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে আয়োজিত একটি জাতীয় দিবস পালনে সমিতিগুলোর কাছ থেকে এভাবে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
সমিতির সদস্যদের দাবি, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও জাতীয় দিবস উদ্যাপনের ব্যয়ভার সমিতির সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা নিইনি, ওরা নিয়েছে।’
তবে ‘ওরা কারা’ জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বলে অফিসে গিয়ে কথা বলার পরামর্শ দেন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় কারা টাকা সংগ্রহ করেছেন এবং কীভাবে সেই অর্থ ব্যয় করা হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা।