পাবনার ভাঙ্গুড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা ঘটে। মূল আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।
অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ড. মোঃ আমজাদ হোসেন, অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন সাগর, সহকারি অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, হাজী গোলবার মরিয়ম আদর্শ বিজ্ঞান কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, কম্পিউটার শিক্ষক এস এম শিমুল এবং কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ রুবেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে উপস্থাপনা করেন ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ শরিফুল আলম জুয়েল।
বক্তারা তাঁদের বক্তব্যে নতুন শিক্ষার্থীদের কলেজের শৃঙ্খলা মেনে চলে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আলোচনা পর্বের সমাপ্তিতে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তোলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকবৃন্দের মধ্যে সংগীত পরিবেশন করেন কলেজের কম্পিউটার প্রভাষক মাসুদ রানা মাসুম, কম্পিউটার শিক্ষক এস এম শিমুল, হিসাববিজ্ঞান প্রভাষক মোহাম্মদ আসাদুর রহমান, ব্যবস্থাপনা প্রভাষক শরিফুল আলম জুয়েল, কম্পিউটার ইন্সট্রাক্টর মোহাম্মদ রুবেল, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন কোবাদ সহ আরও অনেকে। পাশাপাশি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।