শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলা এবং দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)পাবনা জেলা শাখার উদ্যোগে সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম খান।
সাধারণ সম্পাদক সাইদুর রশীদ খান পিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি লায়ন মো. আব্দুল জব্বার,সাংগঠনিক সম্পাদক
আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আতাউর রহমান, কোাষাধক্ষ গোলাম মোস্তফা, কার্ষকরী সদস্য আমিরুল ইসলাম ও শামসুর রহমান বানী।
এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একজন চিকিৎসক জীবন বাঁচানোর জন্য নিরলসভাবে কাজ করেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের হামলার শিকার হতে হয়, তাহলে চিকিৎসক সমাজ নিরুৎসাহিত হবে।
তারা স্বাস্থ্যখাতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চত করার দাবি জানান।
মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।