ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
শনিবার রাত ৯:৩০ টায় উপজেলার হারোপাড়া গ্রামে একটি দুধের কারখানায় অভিযান পরিচালনার সময় খাইরুল ইসলাম (১৯) নামের এক অসাধু দুগ্ধ ব্যসায়ীকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। খাইরুল ইসলম ঐ গ্রামের আহসাব আলীর ছেলে। এসময় সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর তেল, দুটি বেলেন্ডার মেসিন ও দশ লিটার নকল দুধ জব্দ করা হয়।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি ও সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা চিলিং সেন্টারেও সরবরাহ করতেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে নকল দুধ প্রস্তুতকারী খাইরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর তেল, দুটি বেলেন্ডার মেশিন জব্দ করে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় এবং ১০ লিটার নকল দুধ বিনষ্ট করা হয়েছে ।