পাবনার ফরিদপুরে সাকিবুল (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের বড়াল নদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ফরিদপুর থানার পুলিশ। সে উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে।
পুলিশের ধারণা, অটোভ্যান ছিনতাই করতেই সাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যান গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিবুল। এরপর আর বাড়ির লোকজনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। একপর্যায়ে মাজাট গ্রামের লোকজন গ্রামের উত্তরে বড়াল নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে লাশটি সাকিবুলের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন। এ সময় সাকিবুলের অটোভ্যান গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন আমার দেশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।