পাবনার ভাঙ্গুড়ায় মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গভীর রাতে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। তবে উপজেলার ঠিক কোন এলাকায় মিছিলটি বের করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন। ভিডিওটিতে দেখা যায়, টর্চের আলো জ্বালিয়ে ও মুখে মাস্ক পরে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করায় ভিডিওর মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাফিউল আযম জানান, রাতের আঁধারে অনুষ্ঠিত যুবলীগের এমন ঝটিকা মিছিল সম্পর্কে তিনি কিছুই জানেন না।