পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহারকে মেয়র পদে নাম ঘোষণা করা হয়। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মজিবর রহমান,পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। এসব প্রার্থীরা হলেন- মাওলানা মহির উদ্দিন-খানমরিচ ইউনিয়ন, আজিজুর রহমান শফি-ভাঙ্গুড়া ইউনিয়ন, রেজাউল করিম-পারভাঙ্গুড়া ইউনিয়ন, মাওলানা জহুরুল ইসলাম-মন্ডতোষ ইউনিয়ন, ফজলুর রহমান মাস্টার- দিলপাশার ইউনিয়ন ও মাওলানা আব্দুল লতিফ- অষ্টমনিষা ইউনিয়ন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষণার আগে উপজেলা কর্মপরিষদের সদস্যদের সভার সিদ্ধান্ত ও মেয়র পদে পৌরসভার দলীয় নেতাদের গোপন ভোট অনুষ্ঠিত হয়।