1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৫ আগস্ট ঘিরে আ.লীগের তৎপরতার সক্ষমতা নেই- স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত

৫ আগস্ট ঘিরে আ.লীগের তৎপরতার সক্ষমতা নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ০ সময় দর্শন

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

৫ আগস্ট ঘিরে পুলিশকে বাড়তি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ তার নিয়মিত কার্যক্রমই পরিচালনা করবে। এ দিনকে কেন্দ্র করে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।”

দেশে উগ্রবাদী তৎপরতা ও সন্ত্রাসীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়ার ঘটনাও তদন্তের আওতায় রয়েছে।

বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বোমা বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।” একই সঙ্গে একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে দুবাইয়ে অবস্থানরত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশটি ছাড়তে না পারার শর্তে জামিন দেওয়া হয়েছে। তার জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনি ও কূটনৈতিকভাবে কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার একটি ল ফার্ম নিয়োগ করেছে। প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক এবং আইনি দুই পথেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host