বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে ১ বছরের জন্য কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন নিয়োগ পাওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা কৃষক দলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের উদ্যোগে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতা-কর্মীসহ সাধারণ লোকজনের মাঝে মিষ্টি বিতরণের সময় উপজেলার দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এসময় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, খানমরিচ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাঙ্গুড়া পৌর কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় সেচ সুবিধা প্রদান, কৃষিজমি উন্নয়ন, ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির সঠিক ব্যবহার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ করা একটি সরকারি সংস্থা। চেয়ারম্যান হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিন এই অঞ্চলের কৃষি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী। এই খবর প্রকাশিত হওয়ার পরপরই ভাঙ্গুড়া উপজেলার নেতা-কর্মীদের মধ্যে উল্লাস লক্ষ্য করা যায়। সেই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে প্রিয় নেতার প্রতি শুভকামনা জানান দলীয় নেতা-কর্মীরা।