ভাঙ্গুড়ায় রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে চলছে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব।
জানা যায়, উপজেলার পাটুলিপাড়া গ্রামের চরপাড়া এলাকায় গভীর রাতে ভেক্যু মেশিন (খননযন্ত্র) দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে তা কয়েকটি ইঞ্জিন চালিত (স্থানীয় কুত্তা গাড়ি) নামে পরিচিত) ট্রলিতে করে পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার ইটভাটা ও আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। লোভী মাটি ব্যবসয়ীরা গ্রামের সরকারি রাস্তার উপর দিয়ে যত্রতত্র ভাবে লোডেড কুত্তা গাড়িতে মাটি পরিবহন করায় ভগ্নদশা পরিনত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ফসলি জমি কেটে ইটভাটায় মাটি বিক্রির ফলে একদিকে যেমন কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার কাঁচা ও আধাপাকা সড়কগুলো ভেঙে পড়ছে। এতে সাধারণ মানুষেরও চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সবাই জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
ভূমি আইন অনুযায়ী, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ২০১৫ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
এ অবস্থায় দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।