পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ওই গ্রামের আফজাল প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিলে ফসলি জমি খুঁড়ে মাটি তুলে বিভিন্ন ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে ওই এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় মাটি কাটার সরঞ্জামসহ শহিদুলকে আটক করা হয়।
পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্তি পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।