পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিসিডিএস সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিসিডিএসের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন এবং জেলা বিসিডিএসের সহ-সভাপতি তারেক ইবনে আনসার।
এছাড়া বক্তব্য রাখেন জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পরিচালনা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস মালিথা, রাজু ইসলাম অলি, রফিকুল ইসলাম আমানুল্লাহ ও আমিরুল ইসলাম। উপজেলা বিসিডিএসের পরিচালনা পরিষদের সদস্য সুশীল কুমার দাস, সহ-সভাপতি রুহুল আলম এবং সাঁথিয়া উপজেলা ফারিয়ার সদস্য ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মেডিক্যাল প্রমোশন অফিসার আনারুল হোসেনও বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিদিন মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এই পেশা কেবল জীবিকার মাধ্যম নয়, এটি একটি আমানত। একটি ছোট ভুল যেমন বড় ক্ষতির কারণ হতে পারে, তেমনি একটি সঠিক পদক্ষেপ একটি জীবন বাঁচাতে সক্ষম। বক্তারা নকল ওষুধ, অনিয়ম, অসম প্রতিযোগিতা এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বাস্তবায়নসহ বিদ্যমান নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।