পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪ জনকে জেল-জরিমানা করা হয়েছে। এরা হলেন- মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক এবং মাদকসেবী সুমন ও ছানোয়ার।
এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম-এর নেতৃত্বে উপজেলার হেলেঞ্চা, পৌরশহরের ভদ্রপাড়া ও সরদারপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা ও পৌর শহরের ভদ্রপাড়ার মোশাররফের বাড়ি থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এসময় মাদকব্যবসায়ী মোশাররফকে আটক করা গেলেও আব্দুর রাজ্জাক পালিয়ে যান।
এছাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকায় মাদকসেবনের সময় সুমন ও ছানোয়ার নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোর্পদ করা হলে তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, রাতেই আটককৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এঘটনায় আব্দুর রাজ্জাক ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।