পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বালিশ খেলা, চামচে ডিম দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক।
গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী জহুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ, পুকুরপাড় আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী ,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ, মেন্দা খালপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান আনসারী, সাংবাদিক মেহেদী হাসান, সাখাওয়াত হোসেন, হাসিনুর রহমান, দুধ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ আলী, জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হোসেন ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।