পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মুমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সভায় উপস্থিত থেকে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হীরক, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বুরুজ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যের গুরুত্ব এবং জাতীয় জীবনে এই দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।