পাবনার ভাঙ্গুড়া উপজেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসায় গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাদরাসার শ্রেণিকক্ষে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। ভোটগ্রহণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে-ইবতেদায়ী ও মাধ্যমিক শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে
আনিসুর রহমান ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লিটন পান ১৯ ভোট এবং আমিনুল ইসলাম পান ২ ভোট।
আলিম শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. মনিরুজ্জামান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পান ৬ ভোট।
ফাজিল শাখায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. রাজিবুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে ইবতেদায়ী ও দাখিল শাখার প্রতিনিধি নির্বাচিত হন মো. সাইদুল ইসলাম। তিনি পেয়েছেন ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়েজ উদ্দিন পান ৪ ভোট এবং আলিম শাখায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান ও ফাজিল শাখায় আরবী বিভাগের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।