পাবনার ভাঙ্গুড়ায় ৩ লক্ষাধিক টাকার নকল দুধ তৈরির উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। উপকরণগুলো হলো- ৬০০ কেজি গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল ও ২০০ লিটার গ্লিসারিন।
আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পৌরশহরের কুঠিপাড়ায় অবস্থিত জনতা ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করেন।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ,
উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবুল বাশার ও ভবানীপুর গ্রামের জিসানের নামে জনতা ট্রান্সপোর্টে ওই সব উপকরণ আনা হয়। বাশার ও জিসান দু’জনই নকল দুধ তৈরির সঙ্গে জড়িত।
এর আগে তাদের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে জানান, ২০০৯ এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌ:কা:বি: ১০৩ ধারা বিধান অনুসরণে জব্দকৃত মালামালগুলো ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, উপজেলায় বেশ কিছু নকল দুধের কারখানা রয়েছে। সেগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় দুগ্ধ ব্যবসায়ী আবুল বাশার ও জিসানের অপতৎপরতার প্রতি তারা নজর রাখছিলেন।