পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন খলিল উদ্দিন হায়দার খান ওরফে শান্ত খান। গত ১৪ মার্চ কলেজের গভর্নিং বডির সভায় তাকে এই দায়িত্ব দেয়া হয়। এর আগে ৯০ দিনের জন্য বর্ধিত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু তার স্বীয় পদ থেকে পদত্যাগ করেন।
সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. এম এ মজিদ। এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্য,কলেজের শিক্ষক- কর্মচারী উপস্থিত ছিলেন। চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান তার কার্যকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,চাকুরীর মেয়াদ শেষ হবার পরে কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু গভর্নিং বডির রেজুলেশন বলে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মে তাঁর চাকুরি মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। তিনি গত ৩১ জানুয়ারি ৯০ দিনের জন্য অবৈতনিক বর্ধিত দায়িত্ব পান। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষক কর্মচারীরা সংক্ষুব্ধ হয়ে অধ্যক্ষর কক্ষে তালা ঝুলিয়ে দেন। অধ্যক্ষ কলেজের ১২ জন শিক্ষকের নামে ১৩টি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।এনিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
উদ্ভূত পরিস্থিতিতে গভর্নিং বডি ১৪ মার্চ জরুরি সভা আহ্বান করলে ওই সভায় অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু তাঁর পদ থেকে পদত্যাগ করেন। একই সভায় শান্ত খানকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,খলিল উদ্দিন হায়দার খান শান্ত এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। সে সময় তিনি অধ্যক্ষ পদ থেখে পদত্যাগ করলে হাসনায়েন মমিন হক শিল্পী সমাজী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শিল্পী সমাজীর মৃত্যুর পর শরীফ মাহমুদ সঞ্জু অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন।