নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের কৃষক নজরুল হোসেন (৭০)।
আহত দুজন হলেন মহেলা গ্রামের হাফিজুল ইসলাম (৪০) ও শুকুরভাঙ্গা গ্রামের মোজাম আলী (৪৫)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কৃষিপণ্য নিয়ে অটোভ্যানে করে অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন কয়েকজন। পথে ভাদড়া বাইপাস মোড়ে পৌঁছালে বালুবোঝাই একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক আব্দুল মমিন ও যাত্রী নজরুল হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুজন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।