1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই, জানালেন জাহেদ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ রাতে নেশা আর দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ভাঙ্গুড়ার ১৭ শিক্ষকের মাদ্রাসা থেকে এক শিক্ষার্থী পাস পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে সরকারি সম্মানী ভাতার আওতায় যে পথে আপা হেঁটেছেন, সেই পথে হাঁটলে মক্কা নয়, দিল্লি যেতে হবে-জামায়াত আমির জ্বালানি নিরাপত্তা নিয়ে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই, জানালেন জাহেদ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও বৈঠক হতে পারে। তবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এবার সমতার ভিত্তিতে নতুন করে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

‘র’ প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন জানিয়ে তিনি বলেন, “এটা তার এক ধরনের সফর। এটা নিয়ে জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।”

দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে বলেও জানান তথ্য উপদেষ্টা। তবে এ সফরকে কেন্দ্র করে কোনো ধরনের গোপনীয়তার বিষয় নেই বলে উল্লেখ করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।

“বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না,” বলেন তিনি।

শেখ হাসিনার আমলে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে যেভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, সেই পরিস্থিতি আর থাকবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। তাঁর ভাষায়, এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের প্রতি কঠোর বার্তা

ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে এবং ভারতকে বিষয়টি আন্তরিকভাবে নিতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কথা ছিল। বাংলাদেশ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চায় এবং তাকে দেশের আইনের আওতায় আনতে চায়। এর মধ্যে ভারতে বসে তাঁর সংবাদ সম্মেলনের ঘটনাকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে।

তথ্য উপদেষ্টা বলেন, “এ ব্যাপারগুলোকে ভারতকে আন্তরিকভাবে নিতে হবে। এ বার্তা শক্তভাবে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা চললেও সেই সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ ভারতকেই তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে যেকোনো সময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আলাদাভাবে সফরের আমন্ত্রণ এসেছে।

তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।

১৮০ দিন শেষে জনগণের সামনে সরকারের হিসাব

সরকারের ছয় মাস বা ১৮০ দিনের কর্মকাণ্ডও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য।

জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মন্ত্রিসভায় ১৮০ দিন পূর্তির পর রদবদল হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। মন্ত্রিসভার পরিবর্তনের সুযোগ থাকলেও ১৮০ দিন পূর্তিকে এ ক্ষেত্রে নির্দিষ্ট সময় হিসেবে দেখার সুযোগ নেই।

“১৮০ দিন না, দ্বিতীয়, তৃতীয় বছর বা যেকোনো সময়। প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রণালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাইবে। কোথাও সমস্যা মনে হলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এসএসসিতে পাসের হার কমেছে শিক্ষার মানে নজর দেওয়ায়

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাসের হার কমে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, একসময় যেনতেনভাবে নম্বর দেওয়া এবং পাস করানোর প্রবণতা ছিল। বর্তমান সরকার শুরু থেকেই শিক্ষার মানের দিকে নজর দেওয়ার কথা জানিয়েছিল। সেই নীতির অংশ হিসেবেই এবার ফলাফলে পরিবর্তন এসেছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেল সরবরাহে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন নীতিমালার খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান জাহেদ উর রহমান।

‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬’ প্রণয়নের মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা।

তথ্য উপদেষ্টা বলেন, জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর লক্ষ্যও রয়েছে। পাশাপাশি একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা থাকবে।

তিনি স্পষ্ট করে বলেন, এই নীতিমালার মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

দক্ষিণ কোরিয়ার বাজারে ৮৪২৮ পণ্যে শুল্কমুক্ত সুবিধা

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে।

এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য একই সুবিধায় বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ পাবে।

পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চান

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনগণের সহযোগিতা চেয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শুধু চাপ প্রয়োগ বা জরিমানা করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা কঠিন।

বাংলাদেশ পাটকল করপোরেশনের মাধ্যমে তৈরি ৯ হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের, টিসিবি, ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।

তাঁর মতে, পলিথিন বা প্লাস্টিকের তুলনায় পাটের ব্যাগ তাৎক্ষণিকভাবে সবার কাছে বেশি সুবিধাজনক মনে নাও হতে পারে। তবে দীর্ঘমেয়াদে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগে জনগণ সহযোগিতা করবেন বলে আশা করেন তিনি।

রেলপথ সম্প্রসারণে অগ্রগতির দাবি

রেলপথ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে বলে জানান তিনি।

সাকিব প্রসঙ্গে জাহেদের কড়া মন্তব্য

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। সাকিবকে ভালো খেলোয়াড় হিসেবে উল্লেখ করলেও শেখ হাসিনার সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, “সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, যে শেখ হাসিনার সঙ্গে এলাইন্ড হয় এবং এখনও আছে, সে নষ্ট পচে যাওয়া মানুষ।”

সাকিবের বিভিন্ন বক্তব্য সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান জাহেদ। তাঁর ভাষ্য, দেশে ফিরলে সাকিব বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন এবং তাঁর আইনি ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান থাকবে বলে জানান তিনি। বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ায় তিনি সব সাংবিধানিক ও নাগরিক অধিকার পাবেন।

“সবচেয়ে বীভৎস অপরাধীও, সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার, সেগুলো পাবেন,” বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। আদালত বিচারিক প্রক্রিয়া শেষে যে সিদ্ধান্ত দেবেন, সবাইকে তা মেনে নিতে হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host